নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা। তারা জানিয়েছে, কমিশনের সুপারিশ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীর মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা এক বিবৃতিতে জানান, এই রিপোর্টে এমন কিছু সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে চরমভাবে আঘাত করেছে। বিশেষ করে যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব আমাদের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থি।
তিনি বলেন, এই কমিশনের রিপোর্ট কুরআন ও হাদীসের সুস্পষ্ট লঙ্ঘন। ইসলাম সমঅধিকারের নয়, বরং ন্যায্য অধিকারের শিক্ষা দেয়, যা মুসলিম সমাজে সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশের ৯ কোটি নারী এই কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করছে।
বিবৃতিতে বলা হয়, কমিশনের গঠনে সমাজের সব শ্রেণির নারীদের প্রতিনিধিত্ব ছিল না। বিশেষ করে ইসলামী জ্ঞানে পারদর্শী কোনো নারী প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।
বিবৃতিতে কমিশনের সুপারিশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলা হয়, আমরা এই প্রতিবেদনকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি এবং দাবি জানাচ্ছি, ইসলামী জ্ঞানসম্পন্ন নারীদের অন্তর্ভুক্ত করে এই কমিশনের প্রতিবেদন পুনঃলিখন করতে হবে।
সম্পাদক : খান মোহাম্মদ আরিফ বিল্লাহ
Corporate Office: Room# 6/30/a. Eastern Plaza, Hatirpool, Dhaka # 1205, Bangladesh
Marketing Department:
info@bhubonbangla.com